চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটা এখনো বাংলাদেশের। বাংলাদেশের স্পিনাররা ঘূর্ণি যাদুতে সাজঘরে ফিরিয়েছেন ইংল্যান্ডের পাঁচ ব্যাটসম্যানকে। বেন স্টোকস ৩২ ও বেইরস্ট ১২ রানে ব্যাট করছেন।
সকালে অ্যালিস্টার কুক ও জো রুট কে ফিরিয়ে শুভ সুচনা করেছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। নিজের পঞ্চম ওভারের প্রথম বলেই কুককে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মিরাজ। পরের ওভারের দ্বিতীয় বলেই ক্রিজে আসা রুটকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন তিনি। ১১ তম ওভারে ডাকেটকেও ফিরিয়ে দেন সাকিব।
দুপুরের খাবারের বিরতির পর তাইজুলের বলে ইমরুলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ব্যালান্স। এরপর ভালো খেলতে থাকা মঈন আলীকে মুশফিকের হাত ক্যাচ তুলে দিয়ে ফিরতে বাধ্য করেন সাকিব।
এরআগে প্রথম ইনিংসে ২৪৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের পাঁচ উইকেটে ২২১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। শেষ পাঁচটি উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে মাত্র ২৭ রান।
শনিবার টেস্টের তৃতীয় দিনে সকালের দ্বিতীয় বলে আউট হন সাকিব আল হাসান। মইন আলীর বলে ৩১ রানে স্টাম্পড হন তিনি। আদিল রশিদের বলে দুই রান করে আউট হন নাইট ওয়াচম্যান শফিউল ইসলাম। মেহেদী মিরাজ এক রানে ফেরেন বেন স্টোকসের বলে। সাব্বিরের ব্যাট থেকে আসে ১৭ আর রাব্বি করেন শূন্য। ২৬ রানে চার উইকেট নিয়েছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৯৩ রান।
মাসুম/এআই





