ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাকঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তবে ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা।
৩০ অগাস্ট নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর শীর্ষে উঠে আসে ভারত।

সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের আর ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার (১১৩.৪৯) জয়ে রেটিং সমান হয়ে গেছে দল দুটির। তবে পয়েন্টের ভগ্নাংশের পার্থক্যে এগিয়েই আছে ভারত (১১৩.৯৬)।

২ সেপ্টেম্বরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শীর্ষে উঠে যেত দক্ষিণ আফ্রিকাই।

এক নম্বরে থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে মূল্যবান তিনটি পয়েন্ট হারায় তারা।

পাকিস্তানকে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে হারানো শ্রীলঙ্কার সমান ১১১ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশ পার্থক্যে এগিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে এই বছরে ওয়ানডেতে কোনো জয় না পাওয়া বাংলাদেশ।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই