নিজেদের স্বাধীনতা দিবসের ৭০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের অংশগ্রহণে শ্রীলঙ্কা আয়োজন করেছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ 'নিদাহাস ট্রফি'। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ভারত তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি সহ বিশ্রাম দিয়েছে মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব ও হার্দিক পান্ডিয়ার মত ক্রিকেটারদের। আর শ্রীলঙ্কা ইনজুরির কারণে খেলাতে পারছে না অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে ও শিহান মাদুশানকাদের। যদিও দলে ফিরেছেন দুই পেসার- সুরঙ্গা লাকমাল ও নুয়ান প্রদিপ। প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ হয়ত প্রথম দিকে পেসারদের জন্য সহায়ক হবে। তারপরও শক্তিমত্তার বিচারে ভারতকেই এগিয়ে রেখেছেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলে। দু'দলের সর্বশেষ ৭ বারের সাক্ষাতে একবারও জিততে পারেনি শ্রীলঙ্কা। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মারও লঙ্কানদের বিপক্ষে ব্যাট চওড়া হয়ে যায়। গেল ডিসেম্বরেই তার নেতৃত্বে দলটিকে হোয়াইটওয়াশ করেছে ভারত। যৌথভাবে এই ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি, ৩৫ বলে। মাঝে দক্ষিণ আফ্রিকা সফরটা খারাপ গিয়েছে তার জন্য। সুতরাং, রোহিত নিশ্চয় চাইবেন শ্রীলঙ্কার বিপক্ষে আবার পারফর্ম করতে।
কলম্বোর এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার নিজস্ব রেকর্ডও খুব একটা সুখকর নয়। ১৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র ২টিতে। এবার নিশ্চয় সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইবে দলটি।





