শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। রুট ৭৬ ও জনি বেয়ারস্টো ২৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েছেন এই দুই তরুণ। এখনও ১৯৬ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মইন আলি। পঞ্চম ওভারে আঘাত হানেন ইমরান খান। ইয়ান বেলকে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি করান এই পেসার।
অধিনায়ক কুকের সঙ্গে রুটের ১১৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। চোট কাটিয়ে ফেরা লেগ স্পিনার ইয়াসির শাহ কুককে ফিরিয়ে ভাঙেন বিপজ্জনক হয়ে ওঠা জুটি।
১১৭ বলে ৬৫ রানের ইনিংস খেলার পথে কুক (৯ হাজার ৮০ রান) টেস্টে উদ্বোধনী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের তালিকার দুই নম্বরে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে (৯ হাজার ৩০) ছাড়িয়ে আসা ইংল্যান্ড অধিনায়কের সামনে আছেন কেবল ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কার (৯ হাজার ৬০৭)।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২৮২ রান নিয়ে এদিন খেলা শুরু করে পাকিস্তান। দিনের প্রথম ওভারেই অধিনায়ক মিসবাহ-উল-হককে হারায় তারা। আগের দিন শতক পাওয়া মিসবাহ (১০২) এদিন কোনো রান যোগ করতে পারেননি।
সরফরাজের সঙ্গে আসাদ শফিকের ৫২ রানের জুটি পাকিস্তানকে বড় সংগ্রহের আশা দেখায়। এক সময়ে দলটির সংগ্রহ পৌঁছায় ৫ উইকেটে ৩৩৪ রানে। এরপর ৪৪ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারানোয় চারশ' পর্যন্ত যায়নি পাকিস্তানের সংগ্রহ।
শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৮৩ বলের চমৎকার এক ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান শফিক।
ইংল্যান্ডের মার্ক উড ও মইন তিনটি করে উইকেট নেন।
এমআর





