ক্রিকেট বিশ্বে সহযোগী দলগুলোর মধ্যে পরাশক্তিতে রুপান্তরিত হয়েছে আফগানিস্তান। সেটা আবারো প্রমাণ করলো দলটি। শুক্রবার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বোলারদেরকে বেধড়ক পেটানোর পর বল হাতেও দুর্দান্ত ছিল আফগানরা। এতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭০ রানে জিতল তারা।
মালয়েশিয়ার কুয়ালালামপুর কিনরারা একাডেমী ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া আফগানিস্তান। জবাবে ৪৪.৩ ওভারে ২৩২ রানেই ইনিংস গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের। ফলে ৭০ রানে জয় পায় আফগানরা।
ব্যাট হাতে শুরুতে ৯৯ রানের জুটি গড়েন আফগানিস্তানের নূর আলী জাদরান ও ওসমান গনি। দু'জনেই অর্ধ-শতক পূর্ণ করেছেন। ৫৫ রান করা ওসমানের পর ৫৩ রান করে মাঠ থেকে বিদায় নেন নূর আলী।
এরপর অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সামিউল্লাহ শেনওয়ারি। তার সঙ্গে তাল মিলিয়ে যান দলনেতা মোহাম্মদ নবী। তিনি ৭৭ রান করে আউট হলেও শেষ পর্যন্ত মাঠে টিকে থাকেন সামিউল্লাহ। মাঠ ছাড়ার আগে ৬৮ বলে দুটি ছক্কা ও নয়টি চারে হার না মানা ৮২ রানের ইনিংস খেলেন তিনি।
জবাবে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাতের ওপেনার আমজাদ আলী ও সালমান ফারিস। উদ্বোধনী জুটিতে ৭০ রান করেন তারা। ২৭ রান করা সালমান আউট হলেও ৯৮ রান করেন আমজাদ। কিন্তু আফগান বোলারদের তোপে শেষ দিকের কেউই দলের হাল ধরতে পারেনি। ফলে ৪৪.৩ ওভারেই ইনিংস শেষ হয়ে যায় তাদের।
আফগান বোলার রহমাত শাহ একাই পাঁচটি উইকেট নেন।
ঢাকা,২ মে (টাইমনিউজবিডি) //জেডআই