পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন নিয়ে বিপরীতমুখী কথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি ও দলটির প্রধান নির্বাচক মুইন খান। একদিন আগে দলটির অধিনায়ক পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছিলেন মুইন খান। কিন্তু আজ বুধবার পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন বিশ্বকাপ পর্যন্ত মিজবাহকেই অধিনায়ক হিসেবে রাখা হচ্ছে।
মঙ্গলবার করাচিতে মুইন খান বলেছিলেন, 'অধিনায়ক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। এ বিষয় পিসিবির সবার সঙ্গে ও ভবিষ্যতের প্রধান কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্বকাপের সময় যে ভালো হবে তাকেই দলনেতা করা হবে।'
তবে মিজবাহকে দলনেতা হিসেবে রাখার ইঙ্গিত দিয়ে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, 'নিয়মানুযায়ী পিসিবি চেয়ারম্যান নির্বাচকদেরকে ও অধিনায়ক নির্বাচন করেন। আর নির্বাচকরা দলের অন্যান্য খেলোয়াড়দেরকে নির্বাচন করেন। দলনেতা কে হবেন-এ বিষয় নির্বাচকদের ব্যক্তিগত মত থাকতে পারে। তবে আমি মত হচ্ছে যে বিশ্বকাপ পর্যন্ত মিজবাহ উল হকই অধিনায়ক থাকবেন।'
২০১১ সাল থেকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৩৯ বছর বয়সী মিজবাহ। এই সময়ের মধ্যে ৭১ টি ওডিআই ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৩৯ টিতে দল জয় পেয়েছে। এতে ব্যাট হাতে ৪৭.২১ গড়ে অবদান রেখেছেন মিজবাহ। এটি তার ক্যারিয়ারে সবচেয়ে ভালো গড় স্কোর। ক্যারিয়ারে ১৪৬ ম্যাচে তার গড় ৪৪.৩৮। গত ১২ মাসে ৩২ ম্যাচের মধ্যে ১৬টি জয় পেয়েছে পাকিস্তান। এতে মিজবাহর গড় ছিল ৫২.০০।
আগামী ফেব্রুয়ারি ও মার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে আগামী ৯ মাসে ১৩টি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান।
ধারণা করা হয়, মিজবাহকে পরিবর্তন করে অন্য কাউকে দলনেতা করা হলে সেদিক থেকে শহীদ আফ্রিদি এগিয়ে আছেন। যেমন ২০১১ সালের বিশ্বকাপের আগে শহীদ আফ্রিদির প্রতিযোগী হিসেবে ছিলেন মিজবাহ। শেষ পর্যন্ত উপমহাদেশের ওই বিশ্বকাপে আফ্রিদিই পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন।
ঢাকা,৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই