ফ্লোরিডার লডারহিলে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে তুলেছিল ২৪৫ রান। শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচও জিতেছিল ১ রানে।

সেই একই মাঠে রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৪ ওভারে অলআউট ১৪৩ রানে। জবাব দিতে নেমে ভারত ২ ওভারে ১৫ রান করার পরই বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়ে গেছে।

দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সম্প্রচারের গোলযোগের কারণে ম্যাচটি শুরু হয়েছিল ৪০ মিনিট দেরিতে। আগের ম্যাচের মতো এই ম্যাচে আর সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।

ওপেনার জনসন চার্লস ছাড়া কারও ব্যাটেই আগের ম্যাচের ধার ছিল না। ২৫ বলে ৫ চার ও ২ ছয়ে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন চার্লস।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন লেন্ডল সিমন্স। ১৮ রান করে ফেরেন অধিনায়ক কার্লোস ব্রাফেট। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এভিন লুইসের ব্যাট থেকে আসে ৭ রান।

ভারতের লেগ স্পিনার অমিত মিশ্র ২৪ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

এমএনজে