সাকিব আল হাসান ৬৩ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছে। এ সময় বাংলাদেশের ৫ উইকেট হারিয়ে রান ছিল ২৩০। ঘটনার পরপরেই মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাট করতে মাঠে নামে সাব্বির। প্রত্যয়ের সঙ্গেই রানকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে চার উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়লেও দ্রুত রান তুলছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৩ রান। সাকিব আল হাসান ৫১ ও মুশফিকুর রহিম ৫৪ রানে ব্যাট করছেন।

সাকিব ও মুশফিকের দাপুটে ব্যাটিংয়ে ব্যাটিং পাওয়ার প্লে অর্থাৎ ৩৬ থেকে ৪০ ওভারে ৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ধীর গতিতে রান তোলার পর ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক।

মিরওয়াইস আশরাফের বলে খোঁচা মেরে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন তামিম ইকবাল (১৯)।

আশরাফের পরের ওভারে এলবিডব্লিউ হয়ে যান এনামুল হক (২৯)। তার পেছনের পায়ে লাগলে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নেন ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টায়নি।

মাহমুদুল্লাহর সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য সরকার (২৮)। দ্বিতীয় স্পেলে ফিরে শাপুর জাদরান এলবিডিব্লউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যানকে।

শাপুরের আগের ওভারে এলবিডব্লিউর জোরালো একটি আবেদন থেকে বেঁচে যান মাহমুদুল্লাহ (২৩)। আফগানিস্তানের দীর্ঘদেহী পেসারের পরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।

এই ম্যাচে খেলছেন না নাসির হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলাম ও আল-আমিন হোসেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কেবল সাকিব আল হাসান।

টসে যাওয়ার সময় মাশরাফি বিন মুর্তজা বলেন, “এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করি, আমরা ভালো খেলবো।”

টস জেতার পর তিনি বলেন, “এটা ভালো ব্যাটিং ট্র্যাক। আশা করি, আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো।”

পিচ রিপোর্টে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড জানান, টস জিতে ব্যাটিং নেয়া ঠিক হবে। তিনশ’ রান করা যাবে আর এই লক্ষ্যও তাড়া করা সম্ভব হবে। শুরুতে দেখেশুনে খেলে শেষ ১০ ওভারে যত বেশি সম্ভব রান নিতে হবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহেমদ।

আফগানিস্তান দল: আফসারা জাজাই, জাভেদ আহমাদি, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান।

এএইচ