ব্রাজিল-জার্মানির সেমিফাইনাল বিশ্বকাপের ইতিহাসে যেন রেকর্ড গড়ার এক খেলায় পরিণত হয়েছে। মাত্র ৬মিনিটে ৪ গোলের রেকর্ড হলো এই খেলায়। এমন অল্প সময়ে এভাবে গোলের বন্যা দেখার সুযোগ কোনদিন আর দর্শকরা পাবেন কীনা একমাত্র সৃষ্টিকর্তাই হয়তো তা বলতে পারবেন।

প্রথমার্ধে মাত্র ছয় মিনিটের মধ্যেই স্বাগতিক ব্রাজিলের জালে চার চারবার বল জড়িয়ে রেকর্ড গড়লো জার্মানি। এই রেকর্ডেই পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে যায় ইউরোপীয় জায়ান্টরা।

খেলার প্রথমে মাত্র ১১ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়ে গোল উৎসব শুরু করেন থমাস মুলার। ২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক মিরোস্লাভ ক্লোসা। এরপর ২৯ মিনিটের মধ্যেই অর্থাৎ মাত্র ৬ মিনিটের মধ্যেই বিশ্ববাসী আরও তিন গোল দেখে।

২৪ ও ২৬ মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান টনি ক্রস। ২৯ মিনিটে এ গোলদাতাদের দলে যোগ দেন স্যামি খেদিরা।
জার্মানদের পক্ষে দ্বিতীয় গোল দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়লেন ক্লোসা। আর মুলারের গোল এবারের বিশ্বকাপের পঞ্চম।

দর্শক গ্যালারিতে একদিকে তখন আনন্দের উত্তাল হাওয়া যেন বাধ ভেঙ্গে যাচ্ছিল, অন্যদিকে কান্নার রোল বয়ে যাচ্ছিল। এমন দৃশ্যও হয়তো কোন বিশ্বকাপে ঘটবে কীনা তাও জানে না কেউ।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) কেবি