চা বিরতির পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে নাইম হাসানকে চার মেরে ইতিহাসে নাম লেখালেন রহমত শাহ। আফগানিস্তানের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

১৮৬ বলে ১০ চার আর ২ ছ্ক্কায় এই সেঞ্চুরি পূর্ণ করেন রহম শাহ। তবে রহমত শাহর  এই ইতিহাস গড়ার পরই দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

সেঞ্চুরি করার পরের বলেই তিনি স্লিপে ক্যাচ তুলে দেন। সৌম্য সরকার সেই ক্যাচ লুফে নিতে কোন ভুল করেননি। একই ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান মোহাম্মাদ নবীকে বোল্ড করেন তরুণ এই এই স্পিনার। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন নবী। আফগানিস্তানের রান তখন ১৯৭।

রহমত শাহ বিদায় নিলেও ক্রিজে আছেন তার সাথে ১২০ রানের জুটি গড়া আসগর আফগান। তিনি পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আসগর-রহমত জুটিতেই আফগানিস্তান বড় সংগ্রহের আভাস দিচ্ছিল। তবে নাইম হাসানের জোড়া আঘাতে আবার লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

৪৮ রানে ২ ‍উইকেট হারানোর পর জুটি বেঁধে ছিলেন রহমত শাহ ও আসগর আফগান। দুজনের বেশ দায়িত্বশীলতার সাথে দলকে টেনেছেন। এর মধ্যে রহমত শাহ ছিলেন দারুণ ছন্দে। প্রতিটি বল দেখে-শুনে খেলেছেন। আবার খারাপ বল পেলেই পাঠিয়েছেন বাউন্ডারিতে। যার পুরস্কার তিনি পেয়েছেন দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মালিক হওয়ার মধ্য দিয়ে।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে গিয়েও রেকর্ড গড়া হয়নি তার। সেবার ব্যক্তিগত ৯৮ রানে আউট হয়েছিলেন তিনি। তবে এবার অর্জন করলেন সেই সম্মান।

প্রসঙ্গত বাংলাদেশর হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মালিক আমিনুল ইসলাম বুলবুল। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ১৪০ রানের অনবদ্য ইনিংস।

এমআর