আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ একাদশের অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন রানার্স-আপ নিউজিল্যান্ডের দলনেতা ব্রেন্ডন ম্যাককালাম। সেই সঙ্গে তার দলের খেলোয়াড়রাও একাদশে দাপটে আছে।
আইসিসি বিশ্বকাপ একাদশে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার নিউজিল্যান্ড দলের। বিপরীতে মাত্র তিন জন ক্রিকেটার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের।
এক বিবৃবিতে আইসিসি জানিয়েছেন, ‘৪৪ দিনের টুর্নামেন্টে আগ্রাসী, উদ্ভাবনী এবং অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের কারণেই ম্যাককালামকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে। তার এই সুযোগ্য নেতৃত্বের কারণেই নিউজিল্যান্ড প্রথমবারের মত বিশ্ব আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।’
শুধু দলকে নেতৃত্ব দেওয়াই নয়, ব্যাট হাতে ৯ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিসহ ১৮৮.৫০ গড়ে ম্যাককালাম ৩২৮ রান সংগ্রহ করেছেন। বিশ্ব একাদশে থাকা অপর কিউই খেলোয়াড়রা হলেন কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল এবং ড্যানিয়েল ভেট্টরি।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত খেলোয়াড়রা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ এবং মিচেল স্টার্ক। দলের অপর খেলোয়াড়রা হলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং মর্নে মরকেল এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর।
আইসিসির নির্বাচক প্যানেল জানিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও শাইমান আনোয়ার, ভারত ও পাকিস্তানের ফাস্ট বোলার উমেশ যাদব, মোহামম্মাদ শামী, ওয়াহাব রিয়াজ এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের দুই স্পিনার ইমরান তাহির ও রবিচন্দ্রন আশ্বিন অল্পের জন্য সেরা একাদশে জায়গা পাননি।
এ সম্পর্কে প্যানেল চেয়ারম্যান এবং আইসিসি জেনারেল ম্যানেজার ক্রিকেট জিওফ অলড্রিচ বলেছেন, ১২ জনের সেরা একাদশ বাছাই করা প্যানেলের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। প্রতিটি দলেই বেশ কয়েকজন খেলোয়াড় এবারের টুর্নামেন্টে দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। দুটি ডাবল সেঞ্চুরি, ৩৮টি সেঞ্চুরি, দুটি হ্যাটট্রিক এবং ২৮টি চার উইকেট শিকারের এই টুর্নামেন্টে এমন অনেক ঘটনাই ছিল যেগুলোকে সহজেই বিশ্ব একাদশের দল নির্বাচনে আমলে নেয়া যায়। তবে অলড্রিচের মতে তারা মূলত একটি দলের পারফরমেন্সের দিকে বিশেষ নজর দিয়েছিল যারা পুরোটাই ব্যালেন্সড দল এবং নিজেদের দিনে তারা যেকোন দলকে হারাতে প্রস্তুত ছিল।
আইসিসি বিশ্বকাপ একাদশ: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড-অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মর্নে মরকেল (দক্ষিণ আফ্রিকা), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে-দ্বাদশ ব্যক্তি)।
জেডআই





