ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২০১৪ মৌসুমের ভেন্যু হিসাবে ভারতের বাইরে বিকল্প হিসাবে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বাংলাদেশ। এ তালিকায় আরো রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা। আগামী ১২ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠেয় খেলোয়াড় নিলাম শেষ হওয়ার পর বিকল্প ভেন্যুর বিষয়ে আলোচনায় বসকে আইপিএল গভর্নিং কাউন্সিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, আইপিএল গভর্নিং কাউন্সিল ভারতের আগামী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষায় থাকায় এখনো টুর্নামেন্টের সূচি ও ভেন্যু করতে পারেনি। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে এবং এপ্রিল-মে'তে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। টি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল। ১০ তারিখের দিকে আইপিল শুরু হবে এবং আয়োজকরা বিকল্প ভেন্যুগুলোর খোঁজ-খবর নিচ্ছে।
বিসিসিআই’র এক কর্মকর্তা ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আয়োজক হিসাবে কোন দেশ ফেভারিট এখানে তার কোন প্রশ্ন নেই। এ টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আমরা বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার কথা ভাবছি। তবে কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে লজিস্টিক সাপোর্ট ও সময়ের বিষয়টি বিবেচনা করতে হবে।’
‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এ লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা খুব ভাল অবস্থানে আছে। তবে সংযুক্ত আরব আমিরাতও বিবেচনায় আছে। টুর্নামেন্টে অনেক সংখ্যক ম্যাচ থাকবে। সুতরাং গভর্নিং কাউন্সিলের সভায় আমরা সব বিষয়ে আলোচনা করবো।’
ভারতের বাইরে তিন দেশের মধ্যে বন্ধুত্বের দিক থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সংযুক্ত আরব আমিরাতে কিছুটা শংকা রয়েছে। সেখানে নিশ্চিত কিছু বাধা রয়েছে। আইপিএলের ভিতরকার একটি সূত্রের মতে, অনেকগুলো সরকারের অনুমতির প্রয়োজন হওয়ায় সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে মধ্যপ্রাচ্যের ভেন্যুগুলো খুব বেশি দর্শক সহায়ক নয়।’
বাংলাদেশের প্রসঙ্গে বলা যায়, এখানে দু’টি বড় বাধা রয়েছে। এখানে চলমান শ্রীলংকা সিরিজের পর এশিয়া কাপ এবং তার পর টি-২০ বিশ্বকাপের মতো তিনটি বড় ইভেন্ট রয়েছে। সুতরাং এ ইভেন্টগুলোর পর আইপিএলের সময় পিচগুলো ভাল থাকবে না। এছাড়া পাঁচ তারকা কিংবা সাত তারকা হোটেলের সীমাবদ্ধতার কারণে ঢাকা কিংবা আশপাশে আইপিএল আয়োজন কঠিন হবে।
অবস্থা পর্যবেক্ষণ করতে গত সপ্তাহে আইপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের কতিপয় প্রতিনিধিকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত পাঠিয়েছে বলে জানা গেছে।
নিজ দেশে বেশ জাঁকজমকপূর্ণ ম্যাচ আয়োজনের আশা করছে বিসিসিআই। তবে নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর। দেশে ও বিদেশে দুইভাগে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্ট।
বিসিসিআই’র আরেক কর্মকর্তা বলেন, ‘এপ্রিল মাসে নির্বাচন হলে টুর্নামেন্টের প্রথম অংশ বিদেশে আয়োজন করা হবে। তবে নির্বাচন মে মাসে হলে প্রথম দিকের কিছু ম্যাচ আমরা দেশে আয়োজন করতে পারি।’
বিসিসিআই এ বছর যদি দেশের বাইরে আয়োজন করতে বাধ্য হয়, তবে তা হবে দ্বিতীয়বারের মতো। দেশে সাধারণ নির্বাচনের জন্য ও ক্রিকেটারদের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করায় ২০০৯ সালে দ্বিতীয় আসরটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল।
খেলা
আইপিএলের বিকল্প ভেন্যুর সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২০১৪ মৌসুমের ভেন্যু হিসাবে ভারতের বাইরে বিকল্প হিসাবে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে বাংলাদেশ। এ তালিকায় আরো রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা।





