টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে হারের পর আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ ওয়ানের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শুরুতেই দুই ওপেনার লিটন দাস, নাঈম শেখের পথ ধরে সাজঘরে ফিরলেন সাকিব আল হাসানও। ৫.২ ওভারে মাত্র ২৬ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারে ১০ রান আদায় করে নেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ।

ইনিংসের দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস খরচ করেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন-নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী।

ইনিংসের ষষ্ঠ ওভারে ক্রিস ওকসের করা দ্বিতীয় বলে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচে পরিনত হন সাকিব আল হাসান। তার বিদায়ে ৫.২.ওভারে মাত্র ২৬ রানে প্রথম সারির ৩ উইকেট হারায় বাংলাদেশ দল।

এদিকে, চোট নিয়ে মোহাম্মদ সাইফ উদ্দিন ছিটকে পড়ায় বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন অবধারিতই ছিল। শেষ পর্যন্ত বদল সেই একটিই। সাইফের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজকে হারানো ম্যাচের একাদশ ধরে রেখেছে ইংল্যান্ড।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, জনি বেয়ারস্টো, দাভিদ মালান, ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

এমবি