১৭ বছর ধরে বাংলাদেশ দলে গ্লাভস হাতে মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে কিপিং করবেন নুরুল হাসান সোহান। হঠাৎ মুশফিকের জন্য এমন সিদ্ধান্তকে তার প্রতি অবিচার-অপমান হিসেবে দেখেছেন অনেকে।

অনেকের মতে, অভিমানে কিপিং ছেড়েছেন মি. ডিপেন্ডেবল। এমন সব গুঞ্জনের মধ্যেই ২৫ দিন কেটে গেছে, এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি মুশফিক।

কিন্তু শুক্রবার (০১ অক্টোবর) রাজধানী একটি হোটেলে হাজির হয়ে নিজের নামে একটি অনলাইন গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মুশফিককে কিপিং ছাড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে মুশফিক বলেন, “বারবারই বলি যে টিম ম্যানেজমেন্ট যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করব। যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি।”

“আর আমি মনে করি যে একজন ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি। দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে, যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার। লক্ষ্য একটাই দলের জয়ে ভূমিকা রাখা, সেটা যে কোনো পজিশনে থেকে হোক। তাই সবসময় যে দায়িত্বই দেয়া হোক না কেন সেটা ঠিকভাবে পালন করার চেষ্টা করি।” বলেন মুশফিকুর রহিম।

এমবি