বিশ্বকাপ শেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার ও লিওনেল মেসি। কিন্তু প্রাক-মৌসুম ম্যাচে তারা খেলার সুযোগ পেলেন কোথায়?

তারপরও বার্সা এগোচ্ছে বার্সার গতিতেই। শনিবার নেইমার-মেসিকে ছাড়াই কাতালানরা পেয়েছে বড় জয়। এদিন ফিনল্যান্ডের ক্লাব এইচজেকে হেলসিন্কিকে তারা হারিয়েছে ৬-০ গোলে।

ম্যাচটিতে আলো কেড়ে নিয়েছেন বার্সার তরুণ স্প্যানিশ তারকা মুনির আল হাদ্দাদি মোহাম্মদ। ফিনিশ ক্লাবটির বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

মাত্র ৫ মিনিটের মাথায় হাদ্দাদির গোলে এগিয়ে যায় বার্সা। ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রবার্তো। ১৭ মিনিটে আবারো গোলের দেখা পেয়েছেন হাদ্দাদি।

এরপর ২৪ মিনিটে বার্সার ব্যবধান ৪-০তে পরিণত করেন ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া জেরার্ড পিকে।

বিরতির পর ৫০ মিনিটে গোল করে ব্যবধান ৫-০ করেছেন মার্ক বারতা। ৮২ মিনিটে রামিরেসের গোলে বড় জয় নিশ্চিত হয় লুইস এনরিকের দলের।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই