টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এবার ওয়ানডের লড়াইয়ে নেমেছে লাল-সবুজের দল। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ সতর্কভাবেই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তবে দলীয় ২৯ রানে ওপেনার কাইরান পাওয়েল ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ক্যারিবীয়রা। সে ধারাবাহিকতায় ছয় উইকেট হারিয়ে বেশ বিপদে আছে অতিথি দলটি।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৪০ ওভারে ১২৯ রান করে। তারা উইকেট হারিয়েছে ছয়টি।
এর আগে পাওয়েলকে (১০) সাজঘরে ফেরান সাকিব আল হাসান।
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ২০০তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে পাঁচটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।
গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আবু হায়দার রনি ও আরিফুল ইসলাম।
এ সিরিজে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর পর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে ১১ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেটে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।
এমআর





