এ মৌসুমে কে হবেন রিয়াল মাদ্রিদের এক নম্বর গোলকিপার- কেইলর নাভাস নাকি থিবো কুর্তোয়া? অনুশীলনে দু’জনই নিজেদের শতভাগ দিচ্ছেন। তবে মার্কা জানাচ্ছে, লড়াইয়ে নাভাসকে হারিয়ে প্রথম একাদশে ঢুকতে এগিয়ে আছেন কুর্তোয়া।
জিরোনার বিপক্ষে আজই অভিষেক হয়ে যেতে পারে রিয়ালের নতুন গোলকিপার কুর্তোয়ার। রিয়ালের পক্ষ থেকে এক নম্বর গোলকিপারের প্রশ্নে কোনো মন্তব্য করা হচ্ছে না।
কিন্তু মার্কা জানিয়েছে, আজ জিরোনার মাঠে রিয়ালের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপের সেরা গোলকিপারের। নাভাস বেশ কয়েক বছর ধরে রিয়ালের নাম্বার ওয়ান গোলকিপার। এবার বিশ্বকাপে বেলজিয়ামের কুর্তোয়া আলো ছড়ানোর পর তাকে চেলসি থেকে নিয়ে আসে রিয়াল।
কুর্তোয়া দলে এলেও নাভাস রিয়াল ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগে তিনি বলেন, ‘রিয়াল ছাড়া আর মৃত্যু আমার কাছে সমান কথা।’
গত ৯ আগস্ট বার্নাব্যুতে কুর্তোয়ার পরিচিতি অনুষ্ঠানের পর নতুন মৌসুমের প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচেই রিয়ালের পোস্টের নিচে ছিলেন নাভাস। এবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন কুর্তোয়া।
এমআর





