ম্যাচের শুরুর দিকে পিছিয়েও পড়েও নেইমার-এমবাপের সুবাদে জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি। শনিবার গেঁগাঁকে ৩-১ গোলে হারিয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। পিএসজি’র হয়ে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। একটি গোল করেছেন নেইমার। আর গেঁগাঁর হয়ে একমাত্র গোলটি করেছেন রক্স।

গেল মৌসুমে প্রথমে নেইমার ও পরে এমবাপেকে কিনে ট্রান্সফার মার্কেটে হৈচৈ ফেলে দিয়েছিল পিএসজি। মৌসুম শেষে জুভেন্তাস থেকে নিয়ে আসে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার বুফনকেও। সবমিলিয়ে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর জন্য এটাই যথেষ্ট। তার ওপর এমবাপে মাত্র নিজ দেশকে বিশ্বকাপ জিতিয়ে আসলেন। নেইমারও আছেন দারুণ ফর্মে।

এদিন প্রতিপক্ষের মাঠে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টুখেলের শিষ্যরা। কিন্তু ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্কোস কোকোর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে পিএসজি’র জালে জড়িয়ে দেন রক্স। স্বাগতিকরা এগিয়ে যায় ১-০ গোলে।

এদিকে পিএসজি’কে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৫২ মিনিট পর্যন্ত। এসময় প্রতিপক্ষের ডি-বক্সে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। আর স্পট-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার।

এদিন পিএসজি’র শুরুর একাদশে ছিলেন না এমবাপে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে নেমেই খেলার গতিপথ বদলে দেন ফ্রান্সের এই বিস্ময় বালক। ম্যাচের ৮২ মিনিটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। আর ৯০ মিনিটে দ্বিতীয় নেইমারের বাড়ানো বল থেকে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।