প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর বনানী কবরস্থানে স্থায়ী হচ্ছে। এমন নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলা রুবেল প্রায় তিন বছর ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল ৪০ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে বনানীর কবরস্থানে দাফন করা হয়। তবে কবরটা ছিল অস্থায়ী। এরপর তার স্ত্রী ফারহানা চৈতি প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান, বনানীতে মোশাররফ রুবেলের কবরটা যেন স্থায়ী করা হয়। যা চোখে পড়ে মেয়র আতিকুল ইসলামের।
সেই প্রেক্ষিতে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে মোশাররফ রুবেলের কবর স্থায়ী করার বিষয়টি জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বর্তমানে মেয়র আতিকুল ইসলাম মক্কায় অবস্থান করছেন ওমরাহ পালনের উদ্দেশে। সেখান থেকে তিনি জানিয়েছেন, ‘মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।’
মেয়র আতিক আরও বলেন, ‘যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন, সে মানুষটি চিরবিদায়ের বেলায় একটু মাটি পাবে না, তা হতে পারে না।’
এমআর





