রোমাঞ্চকর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়েও টিকে থাকল রাজশাহী কিংস।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি রাজশাহীর। প্রথম চার ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও দলের অন্যতম ব্যাটিং ভরসা সাব্বির রহমান। স্কোরবোর্ডে তখন জমা হয়েছিল মাত্র ৩১ রান।
তবে প্রাথমিক এই ধাক্কাটা দারুণভাবেই সামলে নিয়েছিলেন আরেক ওপেনার মুমিনুল হক ও সামিত প্যাটেল। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ১০০ রানের জুটি। এই দুজনের ব্যাটে ভর করেই জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল রাজশাহী।
১৫তম ওভারে এই জুটি ভেঙে ঢাকা শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছিলেন মোহাম্মদ শহীদ। ৫৬ রান করে ফিরে গিয়েছিলেন মুমিনুল। তবে সামিত প্যাটেল অবশ্য চালিয়েই গেছেন ঝড়ো ব্যাটিং।
১৬তম ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩৯ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। মেরেছেন ছয়টি ছয় ও পাঁচটি চার। ১৬ ওভার শেষে রাজশাহীর স্কোর ছিল ১৫৪/৪। শেষ চার ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৯ রান।
জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষমুহূর্তে কাজটা অনেক কঠিন করে ফেলেছিলেন রাজশাহীর ব্যাটসম্যানরা। শেষ চার ওভারে রাজশাহী হারিয়েছিল আরো তিনটি উইকেট। ১২ ও ৯ রান করে আউট হয়েছিলেন উমর আকমল ও ড্যারেন স্যামি।
তবে চাপের মুখে ভালো ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ।
দারুণ এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকায় কোনো নড়চড় হয়নি রাজশাহী কিংসের। ৬ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখনো তারা আছে ষষ্ঠ স্থানে।
আর ৭ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা ডায়নামাইটস। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে খুলনা টাইটানস।
এমবি





