২০১৮ রাশিয়া বিশ্বকাপটি স্বপ্নের মতো কাটছে বেলজিয়ামের। জয় ও পারফরম্যান্সের ভিত্তিতে এখনো পর্যন্ত সবচেয়ে সফল দল তারাই। এ পর্যন্ত খেলা ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে রেড ডেভিলসরা। এক অর্থে ৫ ম্যাচেই জিতেছে ক্রোয়েশিয়াও। তবে ক্রোটদের ৫ জয়ের দুটিই টাইব্রেকারে।

পেনাল্টি শ্যূট-আউটের জয়কে মূলত ড্র হিসেবেই গণ্য করা হয়। যাই হোক, বেলজিয়ামের ৫টি জয়ই মাঠের খেলায়। তো মাঠের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে বেলজিয়াম শুধু সেমিফাইনাইলে উঠেনি, তাদের খেলোয়াড়দের মূল্যও বেড়েছে তরতর করে।

সত্যিই তাই। রাশিয়ায় উজ্জীবিত পারফর‌ম্যান্সের সুবাদে বেলজিয়ামের প্রতিটি খেলোয়াড়েরই আনুমানিক মূল্য বেড়েছে। শুক্রবার ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুতে যে একাদশ নামিয়েছিলেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ, সেই ১১ জনের আনুমানিক মূল্য এখন ৫৪৭ মিলিয়ন ইউরো!

এই তথ্যের ভেতরেও রয়েছে আরও বড় এক চমক। বেলজিয়ামকে সেমিফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, অধিনায়ক এডেন হ্যাজার্ড, ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও গোলরক্ষক থিবো কুর্তোইস। বর্তমানে এই ৪ জনেরই আনুমানিক মূল্য ৪১০ মিলিয়ন ইউরো! বাকি ৭ জনের আনুমানিক মূল্য ১৩৭ মিলিয়ন ইউরো।

এই ৭ জনের মোট মূল্যের চেয়ে কেভিন ডি ব্রুইনের একার মূল্যই বেশি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারের আনুমানিক মূল্য বেড়ে এখন ১৫০ মিলিয়ন ইউরো! এছাড়া এডেন হ্যাজার্ডের আনুমানিক মূল্য ১১০ মিলিয়ন ইউরো, রোমেলু লুকাকুর মূল্য ৯০ মিলিয়ন ইউরো ও থিবো কুর্তোইসের মূল্য ৬০ মিলিয়ন ইউরো।

নিচের চার্টটিতে চোখ বুলালেই দেখা যাবে বেলজিয়ামের শুরুর একাদশের কার বর্তমান আনুমানিক মূল্য কত।

১. গোলরক্ষক থিবো কুর্তোইস ৬০ মিলিয়ন ইউরো

২. টবি অ্যালডারউইয়ার্ল্ড ৪০ মিলিয়ন ইউরো

৩. ভিনসেন্ট কোম্পানি ১০ মিলিয়ন ইউরো

৪. ইয়ান ভারটোঙ্গেন ৩২ মিলিয়ন ইউরো

৫. থমাস মুনিয়ের ১৫ মিলিয়ন ইউরো

৬. চাডলি ১০ মিলিয়ন ইউরো

৭. অ্যাক্সেল উইটসেল ১৮ মিলিয়ন ইউরো

৮. মারুয়ানে ফেলাইনি ১২ মিলিয়ন ইউরো

৯. কেভিন ডি ব্রুইন ১৫০ মিলিয়ন ইউরো

১০. এডেন হ্যাজার্ড ১১০ মিলিয়ন ইউরো

১১. রোমেলু লুকাকু ৯০ মিলিয়ন ইউরো।

প্রথম বারের মতো বিশ্বকাপ জয় থেকে আর মাত্র দুটি জয় দূরে বেলজিয়াম। সেমিফাইনাল ও ফাইনাল, এই দুটি ম্যাচ জিতে সত্যিই যদি আজন্ম স্বপ্নটা পূরণ করে বিশ্বকাপ  জিততে পারে, তবে বেলজিয়ান খেলোয়াড়দের মূল্য বেড়ে যে আকাশে গিয়ে ঠেকবে, সেটা অনুমান করাই যায়।

বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল চলছে। তো এবারের গ্রীষ্মের দলবদলে বেলজিয়ামের এই খেলোয়াড়দের যদি কোনো ক্লাব কিনতে চায়, বিশেষ করে সেরা ৪ জনকে, তাহলে টাকার বস্তা ভর্তি করেই নামতে হবে মাঠে।