নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ব্যাটিং তাণ্ডবে জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করেছে আফগানিস্তান।
এ দুজনের ঝোড়ো ১০৭ রানের জুটিতে শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৯৭ রানের পুঁজি পায় আফগানরা। যাতে প্রায় দুশো রানের লক্ষ্য নিয়ে স্বাভাবতই চিন্তিত জিম্বাবুয়ে।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানরা।
উদ্বোধনী জুটিতে রহমতউল্লাহ গুরবাজের সঙ্গে ৫.৪ ওভারে ৫৭ রানের জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই। ১৪ বলে মাত্র ১৩ করে আউট হন হজরতউল্লাহ।
ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া রহমতউল্লাহ উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২৪ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৪৩ রান করেন তিনি। দলীয় ৬০ রানে ফেরেন তিনি।
এরপর ৩০ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নজিব তারকাই ও আসগর আফগান। ১৩.২ ওভারে ৯০ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি।
এই জুটিতে তারা রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান। ৪৬ বলে ১০৭ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে ৬টি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৬৯ রান করেন নজিবুল্লাহ।
এ ছাড়া ১৮ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।
এএস





