এশিয়া কাপের অভিষেক ম্যাচে টস জিতল আফগানিস্তান। আর ফিল্ডিং নিয়ে চমকও দেখিয়েছিল তারা। ১১৭ রানের মধ্যে ছয় উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে রীতিমতো ধস নামিয়েছিল তারা। কিন্তু ২৮ রানে জীবন পাওয়া উমর আকমলের অপরাজিত শতকে ২৪৮ রানের লড়াই করার মতো সংগ্রহ করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
আহমেদ শেহজাদও অর্ধশতক হাঁকান। ১৩তম ওভারের দ্বিতীয় বলে হামজা হোতাকের ঘূর্ণিতে তাদের উদ্বোধনী জুটি ভাঙে। ওপেনার সারজীল খান ৩৭ বল খেলে ২৫ রানে নুর আলী জাদরানের তালুবন্দি হন। ৫৫ রানের জুটি ভাঙার পর মোহাম্মদ হাফিজ বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওপেনার আহমেদ শেহজাদকে। ব্যক্তিগত ১০ রানে মিরওয়াইস আশরাফের শিকার হন তিনি।
৭১ বলে ষষ্ঠ ফিফটি মেরে আর মাত্র তিন বল নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন শেহজাদ। ডানহাতি এই ব্যাটসম্যানের সাতটি চারে সাজানো ৫০ রানের ইনিংস বোল্ড করে থামান সামিউল্লাহ সেনওয়ারি। মিসবাহ উল হক দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। কোনো বলই মোকাবিলা করতে পারেননি তিনি। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393503637.jpg[/img]
সোহেব মাকসূদ ১৩ রানে সেনওয়ারির দ্বিতীয় শিকার হন। শহীদ আফ্রিদি ১১ বলে ছয় রানে বোল্ড হন দৌলত জাদরানের। দলের ব্যাটিং ধসের মুহূর্তে উমর আকমলকে দারুণ সহায়তা দেন আনোয়ার আলী। ৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২১ রানে মাঠ ছাড়া হন বিলাওয়াল ভাট্টির পরিবর্তে জায়গা পাওয়া এই পেসার।
আকমলের সঙ্গে ৪০ রানের আরেকটি সহায়ক জুটি গড়েন উমর গুল (১৫)। ৬০ বলে পাওয়া ১৯তম ফিফটিকে ইনিংসের এক বল বাকি থাকতে দ্বিতীয় ওয়ানডে শতকে পরিণত করেন আকমল। ৮৯ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১২ রানে হেরে যাওয়ার পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]