ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে হারের সঙ্গে সিরিজটিও হেরেছিল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে প্রথম টেস্টেও দাপট দেখাতে পারেনি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প ভাবছে না প্রোটিয়ারা।

বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে নিজেদের জয়ের স্বপ্নের কথা জানালেন সফরকারীদের টেস্ট অধিনায়ক হাশিম আমলা। তিনি বলেন, “টেস্টে তো নকআউট ম্যাচ বলে কিছু নেই যে জয়টা আবশ্যক। তবে অবশ্যই আমরা জিততে চাই। চট্টগ্রামেও শুরুটা ভালো হয়েছিল আমাদের। সেটা পরে ধরে রাখতে পারিনি। আশা করছি এবারও শুরুটা ভালো করব। তারপর সেটাকে ভিত্তি করে জয়ের পথে এগিয়ে যাব।”

তিনি আরো বলেন, “সব ম্যাচ জিততেই আমরা বাংলাদেশে এসেছিলাম। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে। মাঠে নামার জন্য মুখিয়ে আছে সবাই। আশা করি পুরো ৫ দিন খেলা হবে। এখনও আমরা সেরাটা দেখাতে পারিনি। আশা করি এই টেস্টে পারব।”

জেডআই