বিশ্বকাপে টানা জয়ের রেকর্ড গড়ল ভারত। মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে মহেন্দ্র সিং ধোনিরা।

এর ফলে অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন মাহেন্দ্র সিং ধোনি। ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর গত ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ থেকে এই পর্যন্ত টানা ৯টি ম্যাচ জিতে সৌরভকে ছাড়িয়ে গেলেন কুল ক্যাপ্টেন ধোনি।

তবে বিশ্বরেকর্ড থেকে এখনও অনেক দূরে ভারতের বর্তমান অধিনায়ক। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা ২৪ ম্যাচ জিতে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা রিকি পন্টিং। সমান ৯ ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ও এমএস ধোনি।

তবে এক জায়গায় ভারতের সাবেক সব অধিনায়ককে ছাড়িয়ে গেছেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ ১২টি জয়ের রেকর্ড এখন তার দখলে। ১১টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। এছাড়া আজহারউদ্দিন ১০টি এবং সৌরভ গাঙ্গুলি ৯টি জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

জেডআই