২৪ জুলাই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় ক্রীড়া দিবস বাস্তবায়ন ও উদযাপন কমিটি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় ক্রীড়া দিবস বাস্তবায়ন ও উদযাপন কমিটির উদ্যোগে ২৪ জুলাই জাতীয় ক্রীড়া দিবস বাস্তবায়ন চাই শীর্ষক এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব হাসান মাহমুদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা প্রমুখ।
হাসান মাহমুদ বলেন, আমাদের দেশে অসংখ্য দিবস রয়েছে। কিন্তু দুঃখের বিষয় খেলাধুলার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলক্ষে কোনো দিবস নেই।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৪ জুলাই ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে ‘নদীয়া একাদশ’ দলের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ‘স্বাধীন বাংলা ফুটবল দল’। ওই দিন তৎকালীন জেলা প্রশাসকের অনুমতি নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল স্টেডিয়ামে।
হাসান মাহমুদ বলেন, ওই দিন সেই ম্যাচ খেলার জন্য দলটিকে পাকিস্তান সরকারের রোষানলে পড়তে হয়েছিল। কিন্তু শুধু একটি গেজেট ঘোষণা ছাড়া তারা এর স্বীকৃতি পায়নি। ২৪ জুলাইকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।
ঢাকা, ১৯ জুন, (টাইমনিউজবিডি.কম)//এসআর





