ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেলেন সাকিব আল হাসান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিশ্বসেরা এই অলরাউন্ডার সিপিএলে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের পরিবর্তে বার্বাডোজ ট্রাইডেন্টস খেলবেন।
গত ৫ সেপ্টেম্বর থেকে সিপিএলের চলতি আসর শুরু হয়েছে। আসর শুরুর আগে ড্রাফটে সাকিবের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস।
ইতিমধ্যে তারা ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি।
সিপিএল খেলার জন্য এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব।
তবে সাকিবের দল যদি টুর্নামেন্টের ফাইনালে উঠে তাহলে আগামী ১২ অক্টোবর হতে যাওয়া সেই ফাইনালে সাকিবের নাও খেলা হতে পারে।
এদিকে, দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন লিটন কুমার দাস। জাতীয় দলের এই ওপেনার সাকিব আল হাসানের সঙ্গেই বুধবার সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে ঢাকা ত্যাগ করেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আর বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
ক্যারিয়ারে প্রথম বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান লিটন।
এমবি





