অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে পাকিস্তান শুরু করেছে তাদের মিশন। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে তারা।

বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন তারিক স্টানিকজাই। এ ছাড়া করিম জানাত ২৭ ও ইকরাম ফাইজি ১৯ রান করেন। এই তিনজন ছাড়া আফগানদের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

পাকিস্তানের পক্ষে শাহদাব খান সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ৯ রানের বিনিময়ে। হাসান মহসিন ২৪ রানে নেন ৩ উইকেট।
জবাবে ৪ উইকেট হারিয়ে ৩১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জিসান মালিক। এ ছাড়া হাসান মহসিন অপরাজিত ২৮, মোহাম্মদ উমর ২৫ ও সাইফ বদর ১৭ রান করেন।

বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাসান মহসিন।

এমএম