ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তৎপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি বিশ্ব একাদশ পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছে। এরপর শ্রীলঙ্কাকেও দেশের মাটিতে আনার ঘোষণা দিয়েছিল পিসিবি।

তবে তাদের সেই চাওয়া হয়তো পূরণ হবে না। শ্রীলঙ্কার ক্রিকেটাররা ইতোমধ্যেই পাকিস্তানের লাহোরে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কা আপাতত নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। চলমান ওয়ানডে সিরিজের পর দল দুটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার কথা।

সিরিজের শেষ ম্যাচটি লাহোরে খেলার ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং সেই অনুযায়ী প্রস্তুতিও গ্রহণ করেছে পিসিবি।

তবে শনিবার ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটাররা লিখিত আবেদনের মাধ্যমে লাহোরে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তারা ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতেই আয়োজনের দাবি জানান। অবশ্য বোর্ডের পক্ষ থেকে দিনেশ চান্দিমালদের রাজি করানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। সেই ঘটনার জের ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে না। এক জিম্বাবুয়ে ছাড়া কোনো দলই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গত আট বছরে পাকিস্তানে যায়নি।

বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সেই 'বন্ধ্যাত্ব' ঘুচবে বলে আশাবাদী ছিল পিসিবি। শ্রীলঙ্কা পাকিস্তানে না আসলে সেই আশাবাদে বড় ধাক্কা খাবে পাকিস্তান।

এমএ