এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল। শুরুতেই গোল হজমের পর ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। চার মিনিটে দুই গোল করে এগিয়েও গেল তারা। কিন্তু রায়ো ভায়েকানোর উজ্জীবিত ফুটবলের সামনে পেরে উঠল না চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে নিজেদের ঘরের মাঠে লা লিগার ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানো। স্বাগতিকদের হয়ে গোল তিনটি করেছেন সান্তি কমেসানা, আলভারো গার্সিয়া ও অস্কার ত্রেহো। রিয়ালের হয়ে গোল করেছেন লুকা মদ্রিচ ও এদের মিলিতাও।
এই ম্যাচ জিতে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সুযোগ ছিল রিয়ালের সামনে। উল্টো তারা পয়েন্ট হারাল টানা দুই ম্যাচে। গত রাউন্ডে ১-১ ড্র করেছিল জিরোনার সাথে।
ম্যাচের ৫ মিনিটে প্রথম আক্রমণ থেকেই রিয়ালকে স্তব্ধ করে দেয় ভায়েকানো। বাঁ দিক থেকে সতীর্থের কাট-ব্যাক ডি-বক্সে পেয়ে দারুণ ভলিতে সফরকারীদের জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কমেসানা।
অষ্টম মিনিটে আরেকটি সুযোগ পেয়ে যায় স্বাগতিকরা। এবার অস্কার ভালেন্তিনের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। রিয়াল পারছিল না উল্লেখযোগ্য কিছু করতে। ৩২ মিনিটে একটি হাফ চান্স পেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি রদ্রিগো।
৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে রিয়ালকে সমতায় ফেরান লুকা মদ্রিচ। ভায়েকানোর বক্সে মার্কো আসেনসিও ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
মিনিট চারেক পরই ম্যাচে প্রথমবারের মতো রিয়ালকে এগিয়ে নেন এদের মিলিতাও। আসেনসিওর কর্নারে বক্সে লাফিয়ে দারুণ হেডে স্বাগতিকদের জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
সফরকারীদের সেই স্বস্তি যদিও বেশিক্ষণ থাকেনি। ৪৪ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আলভারো গার্সিয়া। ইসি পালাজোনের পাস থেকে এই স্প্যানিশ উইঙ্গারের বুলেট গতির ভলি রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাত ছুঁয়ে বল জালে জড়ায়। ২-২ গোলের সমতায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে একটি সুযোগ পান রদ্রিগো। তবে বক্সের ভেতর থেকে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
৬৪ মিনিটে রিয়ালের ডি-বক্সে দানি কারভাহালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অস্কার ত্রেহোর শট শুরুতে ঠেকিয়ে দেন কোর্তোয়া। কিন্তু কারভাহাল আগেই পেনাল্টি অঞ্চলে ঢুকে পড়ায় পুনরায় পেনাল্টি নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ত্রেহো। ৩-২ গোলে এগিয়ে যায় রায়ো ভায়েকানো।
শেষ দিকে একটি সুযোগ পেয়েও উড়িয়ে মারেন রদ্রিগো। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্বিতীয় হারের হতাশায় মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
বল দখলে একটু এগিয়ে থাকা রিয়াল গোলের জন্য ১৭টি শট নিয়ে কেবল দু’টি লক্ষ্যে রাখতে পারে। আর ভাইয়েকানোর ১৫ শটের সাতটিই ছিল লক্ষ্যে।
১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভায়েকানো।
এবিএস





