ইরানের পরমাণু ইস্যুতে বিশ্বশক্তির সঙ্গে দেশটির চুক্তিতে সমঝোতা হওয়ার ঘটনাকে বিশ্বের ৯৯ শতাংশ লোক সমর্থন করে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।

বুধবার (১৫ জুলাই) ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও সমালোচকদের জবাব দিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এ কথা বলেন।

তিনি বলেন, ‘যদি ৯৯ শতাংশ বিশ্ব সম্প্রদায় ও বেশিরভাগ পরমাণু বিশেষজ্ঞ বিষয়টির (পরমাণু চুক্তি) দিকে নজর দেন তাহলে তারা বলবেন, এটা ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখবে। আপনারা বিতর্ক করতে পারেন— যদি এটা কাজ না করে। আপনাদের সামনে এর কিছু বিকল্প আছে কিন্তু তা সাময়িক।’

চুক্তির বিরোধীদের দাবি, ইরান ইস্যুতে এর চেয়ে ভাল ব্যবস্থা গ্রহণ করা যেত। এ বিষয়ে ওবামা বলেন, ‘এ জন্য আমাদের সামনে দুটি উপায় আছে। একটি হল— আলোচনার মাধ্যমে কূটনৈতিক সামধান। অন্যটি শক্তিপ্রয়োগ; যুদ্ধের মাধ্যমে সমাধান।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে পরমাণু চুক্তির পরিবর্তে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বিশ্বকে আরও ঝুঁকিতে ফেলে দিত।’

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদনের বিষয়টি পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ৬০ দিন সময় পাচ্ছেন। বিষয়টি নিয়ে দেশটির কংগ্রেসে ব্যাপক বিতর্ক হবে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে বিরোধী দল ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা চুক্তির বিরোধিতা করেছেন। অপরদিকে ওবামা স্পষ্ট বলে দিয়েছেন, কংগ্রেসে কেউ বিলটি আটকানোর চেষ্টা করলে তিনি তাতে ভেটো দেবেন।

এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইসুটি নিয়ে আগামী সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে। নভেম্বর থেকে চুক্তি কার্যকর হবে বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

ইরানের সঙ্গে আলোচনায় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ছাড়াও জার্মানি অংশ নেয়।

একটানা আলোচনার পর গত মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় একটি চুক্তিতে আসতে সম্মত হয় উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী, ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি হ্রাস করবে। এর বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আন্তর্জাতিক সম্প্রদায়।

বারাক ওবামা বলেন, নিষেধাজ্ঞার খাড়া কাটিয়ে ইরান এক সময় আবার পরমাণু কর্মসূচিতে ফিরে যাবে বলে যারা মনে করছেন, তারা ভুল। পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরান বিশ্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

এসময় তিনি এ চুক্তিকে ‘ওয়াশিংটন ডিসি’র শক্তিশালী নেতৃত্ব ও কূটনীতির ফসল’ বলে মন্তব্য করে মার্কিন কংগ্রেসের প্রতি তা সমর্থন দেওয়ার আহ্বান জানান।

ওবামা বলেন, চুক্তির একমাত্র উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা তৈরিতে ইরানের সব পথ রুদ্ধ করা। আমি এখন আস্থার সঙ্গে বলতে পারি, ইরান আর কখনোই এ বোমা তৈরির পরিস্থিতিতে যাবে না।

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও কংগ্রেস, দু’টো স্থানেই বিরোধী দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। আর ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হলে এই প্রস্তাব কংগ্রেসে পাশ হতে হবে। চলতি বছর প্রথমদিকে মার্কিন আইনপ্রণেতারা চুক্তিটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে ৬০ দিনের সময় নির্ধারণ করে একটি প্রস্তাব পাশ করে।

সংবাদ সম্মেলনে ওবামা বলেন, কোনো চুক্তি সম্পাদন করতে না পারলে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্র তৈরিতে উৎসহিত হবে।

এএইচ/এমকে/কেবি