ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এক টেবিলে বসার আহবান জানিয়েছে নয়টি রাজনৈতিক দল।
রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) আয়োজিত মানববন্ধনে এ আহবান জানায় দলগুলো।
নয়টি দলের ওই যৌথ মানববন্ধনে কেবল দলগুলোর ৯ জন প্রধান উপস্থিত ছিলেন। দু'টি ব্যানার নিয়ে ওই ৯ জন এ মানববন্ধনে অংশ নেন।
অংশ নেয়া সবাই কোনো না কোনো দলের প্রধান হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দেন। এসময় কেউ নিজেকে কর্মী বলে পরিচয় দেননি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হলেন, বাকশালের সভাপতি মাহবুব আলম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার,
জনতার বাংলাদেশ -দলের সভপতি জাহাঙ্গির হোসেন। বাকিরাও বিভিন্ন দলের প্রধান বলে তাদের বক্তব্যে উল্লেখ করেছেন।
বক্তব্যে তারা বলেন, জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের উচিত, ক্ষমতা ছেড়ে দেয়া। এখনকার আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয় বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধন শেষে বক্তাদের একজন জনতার বাংলাদেশ -দলের সভপতি জাহাঙ্গীর হোসেন জানান, যে নয়জন উপস্থিত ছিলেন, তারা সবাই একেকটি দলের প্রধান।
এআর





