মিশরে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আলজাজিরার তিন সাংবাদিকের মামলায় পুনর্বিচারের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

সাংবাদিকদের এক আইনজীবী বৃহস্পতিবার এ কথা জানান। তবে, সাংবাদিকদের জামিন আবেদন মঞ্জুর করেনি আদালত। খবর আল জাজিরার।

আসামিপক্ষের আইনজীবী মোস্তফা নাজি জানান, ওই তিন সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করলেও মামলাটি পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নতুন বেঞ্চ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আসামিপক্ষের আরেক আইনজীবী নেজাদ আল-বারী জানিয়েছেন, এ রায়ের ফলে আদালত ইচ্ছা করলে যে কোনো সময় ওই সাংবাদিকদের জামিন দিতে পারেন।

মিশর সরকারের পক্ষ থেকে এ রায়ের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

'মিথ্যা সংবাদ' প্রচার এবং মুসলিম ব্রাদারহুডের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগ তুলে আল জাজিরার তিন সাংবাদিক পিটার গ্রেস্ট, মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদকে এক বছরেরও বেশি সময় ধরে জেলে আটকে রেখেছে মিশরের সেনা সমর্থিত সরকার। তাদের মধ্যে মোহাম্মদ ফাহমি ও পিটার গ্রেস্টকে ৭ বছর, বাহের মোহাম্মদকে একটি মামলায় ১০ বছর এবং পৃথক একটি মামলায় আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সাংবাদিকদের আত্মীয়-স্বজনেরা আশা করেছিলেন বৃহস্পতিবারই তাদেরকে মুক্তি দেয়া হবে। কিন্তু তা না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন। এ ব্যাপারে বাহের মোহাম্মদের স্ত্রী জেহান রাশেদ আল জাজিরাকে জানান, তার স্বামী গ্রেফতারের পরের দিনগুলো অত্যন্ত দুর্দশার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে তাদেরকে।  "এই দিনগুলো বাহের, আমাদের ছেলেমেয়ে এবং আমার জন্য খুবই দুঃখজনক দিন।"

 

এমএ