বুধবার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে নয়জনকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টা এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যদের এমন অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয়রা।

উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘পুশ-ইনের খবর পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত থাকি। বিজিবি সদস্যরা তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়নি। বিজিবি সদস্যদের এমন ভূমিকা সত্যিই অনেক প্রশংসার।’

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়। রাত একটার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।’

এনএইচ