বুধবার (২৭ মে) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করা হয়। স্থানীয়দের সতর্ক থাকতে এবং সীমান্তে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে আহ্বান জানানো হয়।
স্থানীয়রা জানান, মাইকিংয়ের মাধ্যমে পুশইন, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত অতিক্রম বা সন্দেহজনক চলাচল দেখলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশে অবৈধ পুশইনের আশঙ্কা থাকায় মসজিদ, বাজার ও জনসমাগমস্থলে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
পঞ্চগড় -১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে এটি বিজিবির নিয়মিত কার্যক্রম। এছাড়া অবৈধ পুশইন, মানব পাচার, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এমএম