শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানে একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তারা হলেন- আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং মেয়ে আঁখি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনাহেনার ৬০ শতাংশ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে।

দগ্ধ আলী হোসেন ও হাসনাহেনার ছেলে রাতুল হাসান তুষার বলেন, চিকিৎসকরা তাদের বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এদিকে শনিবার ভোরে মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে আরও তিন যুবক দগ্ধ হন। জানা গেছে, সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইনের লিকেজের কারণে সৃষ্ট আগুনে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরও আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুটি ঘটনায় দগ্ধ ছয়জনের সবাই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এনএইচ