মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ডিএসইসি নেতারা বলেন, কোনো ধরনের নিয়ম-নীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ মাহফুজ উদ্দিন খানকে চাকরিচ্যুত করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

সংগঠনের নেতারা অবিলম্বে মাহফুজ উদ্দিন খানকে পূর্বের পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিটি সংগঠনের দফতর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।

এ ছাড়াও আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।

আরটিভির সিনিয়র রিপোর্টার অরণ্য গফুর ও সাব-এডিটর মাহফুজ উদ্দিন খানকে 'অন্যায়ভাবে' চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (২০ আগস্ট) বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো নিয়মনীতি অনুসরণ না করেই আরটিভি কর্তৃপক্ষ ফ্যাসিস্ট আমলের নীতি প্রয়োগ করে দুই সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগও অগ্রহণযোগ্য।

সাংবাদিক নেতারা অবিলম্বে অরণ্য গফুর ও মাহফুজ উদ্দিন খানকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় আরটিভি কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে সতর্ক করেন তারা।

এদিকে, আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা ও আরটিভি থেকে দুই সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জুলাই রেভল্যুশনারী জার্নালিস্ট’স অ্যালায়েন্সের (জেআরজেএ) সদস্য সচিব ইসরাফিল ফরাজী।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রোববার বিএনপির গুলশান অফিসে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে তার ফোন এবং আইডি কার্ড কেড়ে নেওয়াসহ মারধর করার ঘটনা ঘটেছে।

সাংবাদিক ও গণমাধ্যমের উপর এ ধরনের নগ্ন হস্তক্ষেপ গণতন্ত্র ও মুক্ত মত চর্চার জন্য হুমকিস্বরূপ। একই সঙ্গে সম্প্রতি আরটিভি থেকে চাকরিচ্যুত দুই সাংবাদিকের চাকরি আগামী ২৪ ঘন্টার মধ্যে পুনর্ববহাল না করলে রাজপথে কর্মসূচি দেয়ার ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এমএম