বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ (১২ জুন) শুক্রবার ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরে তার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটেছে।

বর্তমানে সাংবাদিক নান্নু রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নান্নুর আগুনে পুড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার শরীরে গভীর দগ্ধ। প্রায় ৬০ শতাংশের মতো পুড়ে গেছে। আশংকাজনক হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

কীভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তার স্ত্রী শাহীনা হোসেন পল্লবী জানান, অফিস থেকে রাতে বাসায় এসে খাবার খেয়ে তাহাজ্জুতের নামাজ শেষে করার কিছুক্ষণ পরে তার চিৎকার শুনতে পাই। পাশের কক্ষ থেকে বের হয়ে দেখি তার শরীরের পেছনের অংশে আগুন জ্বলছে। তিনি বাথরুমের দিকে যাচ্ছিলেন।

এর আগে এ বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু’র একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

২০০৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন নান্নু।