সোমবার (২২ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাসায় যান সুপারিশ বঞ্চিত প্রার্থীরা। এসময় তারা আবু সাঈদের মাজার জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ-খবর নেন।
কুশল বিনিময়ের পর শহীদ আবু সাঈদের বাবা বলেন, “যে বৈষম্যের বিরুদ্ধে আমার সন্তান জীবন দিয়ে শহীদ হয়েছে, সেই বৈষম্য যেন আর কারও সাথে না হয়।” তিনি সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের আওতায় আনার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।
১৮তম শিক্ষক নিবন্ধনে মোট ১৮ লাখ ৬৫ হাজার ৮১৯ জন প্রার্থীর মধ্যে ৬০ হাজার ৫২১ জন চূড়ান্ত উত্তীর্ণ হন। এর মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১৬ হাজার ২১৩ জন প্রার্থী সুপারিশ থেকে বঞ্চিত হন।
জানা গেছে, ফল প্রকাশের পর থেকেই বঞ্চিত প্রার্থীরা এনটিআরসিএ, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান ও আন্দোলন করে আসছেন। গত ১৪ সেপ্টেম্বর তারা ঢাকার শাহবাগে সমাবেশ করেন। ওইদিন শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার আশ্বাসে তারা ঘরে ফেরেন।
এনএইচ