শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের মো. কানু আলীর ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোররাতে আসকর আলী মিনাপুর বিওপির অধীনে মেইন পিলার ৩৫৩-এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে তারকাঁটা বাউন্ডারির দিকে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে এলাকাবাসী ছুটে গিয়ে কাটাতারের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, প্রাথমিকভাবে ঘটনার খবর পাওয়া গেছে। তবে এ এলাকা ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন।
ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে।
এনএইচ