বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের পর থেকে স্বাধীনকে বের করে আনার জন্য গর্তের পাশে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের একটি পরিত্যক্ত গভীর নলকূপে শিশুটি পড়ে যায়। খবর পেয়ে তানোর, রাজশাহী সদর ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। প্রথমে হাতে-কলমে খনন শুরু হলেও পরে তিনটি স্কেভেটর ব্যবহার করে চারপাশের মাটি কেটে ফেলা হয়। রাতভর এ অভিযান চলে।
সকাল ৭টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়—শিশুটিকে এখনো শনাক্ত করা যায়নি। সকাল গড়াতেই ঘটনাস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে, যা নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আগের রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা নামিয়ে অবস্থান বোঝার চেষ্টা করেন। তবে গর্তে উপরের দিক থেকে পড়ে যাওয়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি।
দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও পরে আর কোনো সাড়া মেলেনি।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। গর্ত কাটা শেষ হওয়ায় এখন আমরা সুড়ঙ্গ তৈরির কাজ করছি—শিশুটিকে বের করে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।
এনএইচ