নির্ভানা ইন-এ আয়োজিত এই ‘প্রতিটি কণ্ঠের মূল্য: সংখ্যালঘু অংশগ্রহণ ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সংলাপে নাগরিক সমাজ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় জোর দিয়ে বলা হয়, সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং নির্বাচনে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। বক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, ভোটারদের ভয়মুক্ত ও সমানাধিকারভিত্তিক অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হতে পারবে না।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান বলেন,‘সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকে গণতন্ত্রের মূল মানদণ্ড হিসেবে দেখা প্রয়োজন, কোনো পার্শ্ব ইস্যু হিসেবে নয়।’

অন্যান্য বক্তারা সাংবিধানিক স্বীকৃতি, কার্যকর সংখ্যালঘু সুরক্ষা আইন, ভূমি ও শিক্ষা অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। চা শ্রমিক, আদিবাসী, হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি বর্তমান বৈষম্য ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংলাপের মূল বার্তা-গণতন্ত্রে প্রতিটি কণ্ঠের মূল্য আছে; সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া দেশের গণতান্ত্রিক উন্নয়ন অসম্পূর্ণ।’

এমএম