লাঘামহীন ভাবে বেড়েই চলছে সীমান্তে চোরাচালান। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সীমান্তে মাদক, অস্ত্র, ও বিভিন্ন ধরনের অবৈধ দ্রব্যাদি চোরাচালান হচ্ছে। যার নিয়ন্ত্রণে বিএসএফের সংঙ্গে বিজিবির একাধিক বৈঠক করেও কোন ফায়দা মেলেনি।
শুধু চলতি বছরের জুন মাসে দেশের সীমান্ত থেকেই ৭৯ কোটি ৭৩ লক্ষ ৪৯ হাজার ৪৯৭ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মধ্যে রয়েছে ১,৬৩,১৬৫ টি ইয়াবা ট্যাবলেট, ৪২,১৫৮ বোতল ফেনসিডিল, ৮৭৫ কেজি গাঁজা, ১৮,১০৪ বোতল বিদেশী মদ, ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ১,৫৪,২৬৮ টি বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ১০,৫৬২ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৩,৪৫,১৯২ টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট।
এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ২০,৬০২ টি শাড়ি, ৯,৪৩৪ টি থ্রিপিস, ১,৮০,৪৩৬ মিটার থান কাপড়, ২০,৪০৯ টি তৈরি পোশাক, ৪৫৮ টি বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ, ৩,৬৬৬ সিএফটি কাঠ এবং ২৩টি কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়। গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ১টি বন্দুক, ২টি ককটেল, ১২ রাউন্ড গুলি এবং ৪টি ম্যগাজিন ।
গত জুন মাসে বিজিবি’র অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪০ জনকে আটক পূর্বক থানায় সোপর্দ এবং এ সংক্রান্ত ২,৮৭২টি মামলা দায়ের করা হয়েছে। গত মাসে সীমান্ত পথে ১৬৩ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।
এছাড়া উল্লেখিত সময়ে সীমান্ত পথে পাচারকালে ২১ জন নারী ও ১২ জন শিশুকে উদ্ধারসহ ১ জন পাচারকারীকে আটক এবং এ সংক্রান্ত ১৪ টি মামলা দায়ের করা হয়েছে।
এআই/





