নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে স্ত্রীসহ অবরুদ্ধের ঘটনায় হেফাজতের ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজতের সহিংসতার মামলার আসামি সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে কাউন্সিলর তপন আত্মগোপনে ছিলেন। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গত ০৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে স্ত্রীসহ আবরুদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মী। এই ঘটনায় হেফাজতের সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেন। এই মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।

এমবি