নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন বলেছেন, ‘আমি খুন করিনি। র্যাব এ খুন করেছে কিনা, তাও আমি জানি না। র্যাবের সঙ্গে আমার টাকা পয়সার লেনদেন হয়নি।’
ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগুইআটি থানা থেকে নূর হোসেনের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার ভারতীয় সময় দুপুর ১২টার দিকে তাকে উত্তর ২৪ পরগনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হবে।
গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালির অভিজাত আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন নূর হোসেন। ১৫ জুন রবিবার সকালে ডাক্তারি পরীক্ষা করে আদালতের দ্বিতীয় অতিরিক্ত বিচারক এডুইন লেপচার কাছে পুলিশ ১৪ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নূর হোসেনের সহযোগীসহ আটকদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনেন বাগুইআটি থানা পুলিশ দেবাশীষ ঘোষ।
পুলিশের কাছে নূর হোসেন জানান, মে মাসে তিনি নারায়ণগঞ্জ থেকে সড়কপথে র্যাবের সহযোগিতায় সাতক্ষীরায় আসেন। পশ্চিমবঙ্গের বসিরহাট সীমান্ত পেরিয়ে কৈখালিতে আশ্রয় নেন। এরপর চিকিৎসা করতে আসার কথা বলে একটি তিন কামরার ফ্ল্যাট ভাড়া নেন।
নূর হোসেনের সঙ্গে তার সহযোগী অহিদূর রহমান সেলিম ও সুমনকেও আদালতে আনা হবে।
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ





