দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের ওপর জাল ডলার ব্যবসায়ী চক্রের হামলা এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ দিনাজপুর অঞ্চলের ডিএডি নায়েক সুবেদার শশধর ভট্টাচার্য বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলাটি করেন।

ডলার প্রতারক চক্রের মূল হোতা মরিচা ইউনিয়নের মৃত মিরাজ উদ্দিনের ছেলে মো. করিমুল ইসলামকে (৪২) প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করে ২৭ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) মো. আরমান হোসেন পিপিএম জানান, মামলার তদন্তের দায়িত্ব এসআই শফিকুজ্জানকে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপরাধ এবং নিরীহ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্প সদস্যরা ডলার প্রতারক ধরতে বেলা সাড়ে ৩টার দিকে ছদ্মবেশে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের ডলার চক্রের মূল হোতা মো. করিমুলের বাড়িতে ডলার কিনতে যায়।

ডলার হাতে পাওয়ার পর তাকে আটকের চেষ্টা করলে করিমুলের সহযোগীরা র‌্যাবের দুই সদস্যকে কুড়াল ও দা দিয়ে কুপিয়ে আহত করে। র‌্যাবের একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় করিমুলকে আহতাবস্থায় এবং তার স্ত্রীসহ আরো সাতজনকে আটক করে র‌্যাব। পরে আহত র‌্যাব সদস্যদেরকে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস