নারায়ণগঞ্জের বহুল আলোচিত তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি সালেহ রহমান সীমান্তের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। আসামী পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
তিনি সাংবাদিকদের বলেন,এই আদেশের ফলে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীমান্তের জামিন স্থগিত থাকবে।
গত ২৪ জুন হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশে সীমান্তকে জামিন দেন। পাশাপাশি ওইদিন একটি রুলও দেয়া হয়।
এর মধ্যে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে গত ১ জুলাই চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই সপ্তাহের জন্য হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন। এরপর রাষ্ট্রপক্ষ পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন করে।
উল্লেখ্য,নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে ত্বকীকে গত বছরের ৬ মার্চ হত্যা করা হয়। দু'দিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়।
ঢাকা, কেএ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





