ঢাকার মোহাম্মদপুর থেকে অপহৃত ব্যবসায়ী দুলালকে (৫০) মুমূর্ষু অবস্থায় যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার।
আজ (মঙ্গলবার) সকাল ৭টায় সীমান্তের বেনাপোল-দৌলতপুর সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। দুলাল চাঁদপুরের হাইমচর উপজেলার মুনাফের ছেলে।
ঢাকার মোহাম্মদপুরে তিনি কাপড়ের ব্যবসা করেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানায়, ভোরে রাস্তায় একটি মাইক্রোবাস রাখার শব্দ পাওয়া যায়। পরে তারা বাড়ি থেকে বের হয়ে দেখেন সড়কের পাশে বালির ওপর এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় গ্রামবাসী তাকে মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।
বেনাপোল পোর্ট থানার এএসআই আব্দুল লতিফ জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে ঢাকার মোহাম্মদপুর থেকে কয়েকজন লোক জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে তাকে পিটিয়ে জখম করে মৃত ভেবে বেনাপোলে ফেলে রেখে যায়।
তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই।
এমবি





