দেশের উভয় শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনের মধ্য দিয়ে শুরু এবং পতনেই শেষ হয় লেনদেন। একটানা নয় কার্যদিবস ধরে তা অব্যাহত রয়েছে।

একইসঙ্গে টাকার অংকে দৈনিক লেনদেনের পরিমাণও নাজুক অবস্থায় রয়েছে। আগের বছরের রমজানের এ সময়ের তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৫৬.৫ শতাংশ।

এদিকে শেয়ারবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে ক্ষতিগগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করছেন বিনিয়োগকারীরা।
রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে মানববন্ধন কর্মসূচী পালন করছেন তারা।

মানববন্ধন কর্মসূচীতে, শেয়ারবাজার রক্ষায় ঘন ঘন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং অধিক প্রিমিয়াম বন্ধের দাবি জানিয়েছেন কর্মসূচীতে অংশ নেওয়া বিনিয়োগকারীরা। বক্তরা বলেন, আইপিও বাজারকে প্রাধান্য না দিয়ে নীতি নির্ধারকদের মূল বাজারকে প্রাধান্য দিতে হবে। ইস্যু ম্যানেজার ও নিরীক্ষা ফার্মের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রীর ব্যঙ্গ করা মন্তব্যের সমালোচনা করেছেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজারকে স্থিতিশীল করতে না পারলে বিএসইসির বর্তমান কমিশনকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন তারা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা।

এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন এ কোম্পানির ৩৯ লাখ ৬ হাজার ২০০ শেয়ার ১২ কোটি ৮ লাখ ৯৬ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৬৩ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ১৭৭ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ২৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। যা বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫০ লাখ টাকা। সে হিসেবে রোববার সিএসইতে লেনদেন বেড়েছে ৮ লাখ টাকা।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর