জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠানোয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার,সিন্ডিকেট,জনসংযোগ দপ্তরের পরিচালক, বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।
আগামী ১৫ মে রুলের পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। শুনানির পূর্বেই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এক মালীর ইসলাম ধর্ম গ্রহণের খবর প্রকাশিত হয়। এ নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]